Post by Md Mahbub Alom

Mern Stack Developer | Frontend Developer | Full Stack Developer

আজ একটা হিসাব করতে গিয়ে নিজেই একটু থেমে গেলাম।গত দেড় মাসে Claude AI দিয়ে আমি মোট কত কাজ করিয়েছি? সংখ্যাটা দেখে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। প্রায় ২.৮ বিলিয়ন টোকেন। একদিনেই সর্বোচ্চ প্রায় ৪২ কোটি টোকেন প্রসেস হয়েছে। এত লেখা একজন মানুষের পক্ষে পড়া বা লেখা তো দূরের কথা, কল্পনা করাও কঠিন। এরপর ভাবলাম, যদি এগুলো API দিয়ে চালাতাম? তাহলে, খরচ হতো প্রায় $2,226 বাংলাদেশি টাকায় প্রায় ২.৭ লাখ। অথচ আমি এর জন্য আলাদা করে এক টাকাও দিইনি। কারণ আমি আমাদের টিমের Claude সাবস্ক্রিপশন ব্যবহার করি, যেটা আমার টিম লিডার দিয়েছেন। তখন একটা বিষয় মাথায় এলো যে আসলে Claude এখন আর শুধু একটা AI টুল নয় । অনেকটা এমন একজন সহকর্মীর মতো, যে কখনো ক্লান্ত হয় না, অভিযোগ করে না, আর দরকার হলে একসঙ্গে হাজার হাজার পৃষ্ঠার সমান তথ্য পড়ে, লিখে, বিশ্লেষণ করে দেয়। অবশ্যই সবকিছু ওর ওপর ছেড়ে দেওয়া যায় না। ভুল করে, হ্যালুসিনেটও করে। তাই শেষ পর্যন্ত যাচাই করার দায়িত্ব আমারই। কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই। আমি একা এখন যে পরিমাণ কাজ করতে পারি, কয়েক বছর আগে সেটা সম্ভব ছিল না। এতে আমার তিনটা উপলব্ধি হয়েছে। প্রথমত, "AI তোমার চাকরি নেবে না, AI ব্যবহার করতে জানা মানুষটা নেবে" এই কথাটা এখন আর শুধু মোটিভেশনাল লাইন মনে হয় না। বাস্তবে এর প্রভাব দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, স্কিলের সংজ্ঞা বদলাচ্ছে। শুধু syntax জানা বা কোড লেখা যথেষ্ট নয়। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে সমস্যা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা, সঠিক নির্দেশনা দেওয়া, আর AI-এর আউটপুট যাচাই করতে পারা। তৃতীয়ত, বাংলাদেশে বসে এখন বিশ্বমানের প্রোডাক্ট বানানোর সুযোগ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। একটা ল্যাপটপ, ইন্টারনেট আর সঠিকভাবে AI ব্যবহার করার দক্ষতা অনেক ক্ষেত্রেই এতটুকুই যথেষ্ট। আমার মনে হয়, আগামী কয়েক বছরে আমাদের কাজের ধরন আরও বদলে যাবে। আমরা নিজেরা সব কাজ করব না; বরং একাধিক AI এজেন্টকে কাজ ভাগ করে দেব, তাদের গাইড করব, আর ফলাফল যাচাই করব। হয়তো ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান স্কিল হবে নিজে সবকিছু জানা নয়, বরং AI-কে দিয়ে সঠিকভাবে কাজ করিয়ে নেওয়া। আপনাদের কী মনে হয়? AI কি ইতোমধ্যেই আপনার কাজের ধরন বদলে দিয়েছে, নাকি এখনো অপেক্ষা করে দেখছেন কী হয়?

Post content