Post by Food & Nutrition Facts
614 followers
কমিউনিটিতে কাজ করতে না নামলে হয়তো কখনোই বুঝতাম না স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি নিয়ে আমাদের সমাজের রুট লেভেলের মানুষদের জানার কতটা ঘাটতি রয়েছে। সেদিন Food & Nutrition Facts–এর পক্ষ থেকে একটি কমিউনিটি প্রোগ্রামের আয়োজন করেছিলাম। আমাদের ধারণা ছিল, অডিয়েন্স হবে স্কুলের শিশুরা। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই বুঝলাম, সবচেয়ে বড় অডিয়েন্স আসলে তাদের মায়েরা। সামনের সারিতে বসে ছিলেন অনেক তরুণী মা। কারও বয়স হয়তো ১৬ বা ১৭-এর বেশি নয়, অথচ কোলে একটি শিশু, পাশে আরেকটি। তাদের দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল এরা শুধু সন্তানই বড় করছেন না, অজান্তেই সংগ্রাম করছেন সীমিত জ্ঞান, সীমিত সুযোগ আর অসংখ্য প্রশ্ন নিয়ে। প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের চোখে ছিল শেখার প্রবল আগ্রহ। প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। আর অনুষ্ঠান শেষে কেউ তাড়াহুড়ো করে চলে যাননি। বরং আমাদের ঘিরে একের পর এক প্রশ্ন করতে শুরু করলেন। “আমার বাচ্চা কিছুই খেতে চায় না।" “সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি করে, এটা কি স্বাভাবিক?" "আমার বাচ্চা অনেক ঘুমায়, কোনো সমস্যা হবে না তো?" প্রশ্নগুলো খুব সাধারণ ছিল। কিন্তু সেই প্রশ্নগুলোর ভেতর লুকিয়ে ছিল একজন মায়ের উদ্বেগ, অসহায়ত্ব আর সন্তানের জন্য ভালো কিছু করার নিরন্তর চেষ্টা। আমরা যতটুকু জানি, সহজ ভাষায় তাদের বোঝানোর চেষ্টা করেছি। হয়তো সব সমস্যার সমাধান দিতে পারিনি, কিন্তু অন্তত তারা যেন সঠিক তথ্য নিয়ে ঘরে ফিরতে পারেন সেই চেষ্টা করেছি। সেদিন বাড়ি ফিরেছিলাম এক অদ্ভুত অনুভূতি নিয়ে। মনে হয়েছিল, বইয়ের পাতায় শেখা জ্ঞানের প্রকৃত মূল্য তখনই, যখন তা মানুষের জীবনে সামান্য হলেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমরা বিশ্বাস করি, সঠিক খাদ্য ও পুষ্টি বিষয়ক জ্ঞান প্রতিটি মানুষের অধিকার। আর সেই জ্ঞান যদি একজন মায়ের কাছে পৌঁছায়, তাহলে তার প্রভাব পড়ে পুরো একটি পরিবারের ওপর, এমনকি একটি প্রজন্মের ভবিষ্যতের ওপর। এই কারণেই আমাদের পথচলা।প্রতিটি শিশুর জন্য।প্রতিটি পরিবারের জন্য। একটি সুস্থ ও সচেতন বাংলাদেশের জন্য।